মাছ ধরতে গিয়ে প্রবাসফেরত যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ
মাছ ধরতে গিয়ে প্রবাসফেরত যুবকের রহস্যজনক মৃত্যু

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে টর্চলাইট নিয়ে মাছ ধরতে গিয়ে জাকির হোসেন (৩০) নামে এক প্রবাসফেরত যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুক চিরে বিদ্ধ অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মাগুরা ভিটা গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন এবং প্রায় ছয় মাস আগে দেশে ফিরে পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর টর্চলাইট নিয়ে বাড়ির পাশের মাগুরা ভিটা বিলে মাছ ধরতে বের হন জাকির। রাত গড়িয়ে গেলেও তিনি ঘরে না ফেরায় স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। একপর্যায়ে গভীর রাতে বাড়ির পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে এক আত্মীয় তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় জাকিরের বুকের ঠিক মাঝখানে একটি ধারালো ছুরি বিদ্ধ অবস্থায় ছিল। তাঁর ডাক-চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে কটিয়াদী মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

স্থানীয়দের তথ্যমতে, জাকিরদের সঙ্গে নিকটাত্মীয়দের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। তবে সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে বুক থেকে ছুরি বিদ্ধ অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার আসল রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন