অভিনয় ছেড়ে ধর্মে মনোযোগী হাসান মাসুদ

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ণ
অভিনয় ছেড়ে ধর্মে মনোযোগী হাসান মাসুদ
অভিনয় ছেড়ে ধর্ম চর্চায় আত্মনিয়োগ করেছেন অভিনেতা হাসান মাসুদ

বিনোদন প্রতিবেদকঃ একসময়ের তুমুল জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা হাসান মাসুদ দীর্ঘদিন ধরেই অভিনয় অঙ্গন থেকে নিজেকে দূরে রেখেছেন। পর্দা ও নাটকের চেনা জগত ছেড়ে তাঁর জীবনযাপনে এসেছে আমূল পরিবর্তন; বেছে নিয়েছেন ধার্মিক জীবনধারা।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জীবনের এই বড় পরিবর্তনের কথা খোলামেলাভাবে শেয়ার করেছেন হাসান মাসুদ। তিনি জানান, মানসিকভাবে একটি বিশেষ রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ার কারণে কাজের ক্ষেত্রেও তিনি এখন চরম বেছে চলার নীতি গ্রহণ করেছেন।

হাসান মাসুদ বলেন, “আমি আসলে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর আগের মতো অভিনয় করি না। আমার জীবনে একটি বড় পরিবর্তন এসেছে, যে কারণে স্রেফ বিজ্ঞাপনের কাজ পেলে কখনো সখনো করি, তা ছাড়া অন্যান্য কাজ আর করছি না। বলতে পারেন, এখন একটু ভাববাদী ও ধার্মিক হয়ে গিয়েছি।”

নিজের এই আধ্যাত্মিক যাত্রার পেছনের গল্প জানাতে গিয়ে তিনি আরও উল্লেখ করেন, “আমি সম্প্রতি পবিত্র হজ পালন সম্পন্ন করেছি, যার জন্য ৪১ দিন মক্কা ও মদিনায় অবস্থান করেছি। তবে আমার জীবনযাত্রার এই ইতিবাচক পরিবর্তনটি এসেছে আরও আগে থেকে। এখন আমি পুরোপুরি পরিবর্তিত একজন মানুষ।”

উল্লেখ্য, অভিনয়ে আসার আগে হাসান মাসুদের পেশাগত জীবন শুরু হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। ১৯৮৫ সালে ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে যোগদান করে ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে থাকা অবস্থায় তিনি অবসর গ্রহণ করেন। এরপর তিনি পুরোদস্তুর সাংবাদিকতায় যুক্ত হন এবং দীর্ঘদিন এ পেশায় নিয়োজিত ছিলেন।

সাংবাদিকতায় যুক্ত থাকা অবস্থাতেই ২০০৩ সালে বিখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে অভিনয়ে তাঁর আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রসহ অসংখ্য তুমুল জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে সর্বস্তরের দর্শকের মন জয় করেন তিনি। তাঁর অভিনীত ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘বউ’, ‘খুনসুটি’ ও ‘রঙের দুনিয়া’-র মতো নাটকগুলো দর্শকমহলে আজও প্রশংসিত।

মন্তব্য করুন