রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও নবমনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনলাইন ডেস্ক: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একক নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে মির্জা ফখরুলকে রাষ্ট্রপ্রধান পদের জন্য বেছে নিয়েছেন।

রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমকে এই সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির রুদ্ধদ্বার বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় দলীয় মনোনয়ন ও সিদ্ধান্ত গ্রহণের সর্বময় ক্ষমতা দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছিল। সেই ক্ষমতাবলেই প্রধানমন্ত্রী তারেক রহমান অভিজ্ঞ এই প্রবীণ রাজনেতাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সরকারি দলের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করলেন।

মন্তব্য করুন