২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হামের প্রাদুর্ভাবের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে যে দুজন মারা গেছেন, তারা ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা। একই সময়ে নতুন করে ১৫৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৭ জন। হাসপাতাল থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৯১৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৯ জন।

পরিসংখ্যান বলছে, বছরের অন্য মাসগুলোর তুলনায় জুন মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। চলতি মাসে এখন পর্যন্ত ২ হাজার ১২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং জুন মাসেই মৃত্যু হয়েছে ৭ জনের। অন্যান্য মাসের তথ্য নিম্নরূপ:

জানুয়ারি: ১,০৮১ জন শনাক্ত ও ২ মৃত্যু। ফেব্রুয়ারি: ৪০৯ জন শনাক্ত ও মৃত্যু নেই। মার্চ: ৩৫৩ জন শনাক্ত। এপ্রিল: ৬৪০ জন শনাক্ত। মে: ৭১৪ জন শনাক্ত ও ১ মৃত্যু।

ডেঙ্গু ও হামের মতো সংক্রামক রোগের প্রকোপ বাড়তে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং বাসস্থানের আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার ওপর জোর দিয়েছেন। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন