কটিয়াদীতে ইউপি চেয়ারম্যানের আ: লীগ থেকে পদত্যাগ

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ণ
কটিয়াদীতে ইউপি চেয়ারম্যানের আ: লীগ থেকে পদত্যাগ

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৬নং আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান (মতি) বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক পদ ও দলীয় কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন। 

আজ বুধবার (২৪ জুন) বিকেল ২টায় কটিয়াদী মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান মতিউর রহমান জানান, ব্যক্তিগত রাজনৈতিক কারণে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ কটিয়াদী উপজেলা ও ৬নং আচমিতা ইউনিয়ন শাখার সহ-সভাপতি পদ এবং সকল ধরনের সাংগঠনিক দায়িত্ব ও দলীয় কার্যক্রম থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে তিনি দলটির দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিলেন।

ইউপি চেয়ারম্যান মতি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের যেসকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী তাঁকে নানাভাবে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন এবং সমর্থন দিয়েছেন, তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সাথে আচমিতা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের প্রতিও তিনি গভীর ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কটিয়াদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দল থেকে পদত্যাগ করলেও বর্তমানে তিনি ৬নং আচমিতা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তাঁর প্রশাসনিক দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে জানা গেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন