ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানানোর পরিণতি ভালো হবে না: গাজী আতাউর রহমান
অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে হয়রানি ও মামলার লক্ষ্যবস্তু বানানোর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি মুফতি ফয়জুল করীমকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের একজন অগ্রনায়ক হিসেবে উল্লেখ করেন।
আজ বুধবার (২৪ জুন) এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে। যিনি মামলাটি দায়ের করেছেন, তিনি আগে যুবলীগের সাথে জড়িত ছিলেন এবং এই সংক্রান্ত বহু ছবিও রয়েছে। সরকার বদলের পর তিনি ভোল পাল্টে যুবদলের একটি ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেওয়া শুরু করেছেন; যদিও স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ তাঁকে স্বীকৃতি দেয় না।’
বিবৃতিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের মতো একজন জাতীয় নেতার নামে যে কেউ এসে এজহার দিলেই তা মামলা হিসেবে গ্রহণ করা অত্যন্ত সন্দেহজনক। আমরা সরকারের কাছে আহ্বান করব, এই মামলা দায়েরের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করুন।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি এই মামলার সাথে বিএনপি বা বর্তমান সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তবে বিএনপির পরিচয় ব্যবহার করে একজন মামলা করেছে এবং সরকারি কর্মকর্তা তা গ্রহণ করেছেন। তাই এর সমাধানের দায়িত্বও সরকারকেই নিতে হবে।’
বিবৃতিতে অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার দাবি জানানোর পাশাপাশি এজহারকারী এবং মামলা গ্রহণকারী কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
|