সাভারে আওয়ামী অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ণ
সাভারে আওয়ামী অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে ঢাকার সাভার ও আশুলিয়া থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার থেকেই ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এর মধ্যে গোপন সংবাদ আসে যে, কিছু এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল, ব্যানার প্রদর্শন ও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সাভারের আমিনবাজার তুরাগ এলাকা থেকে সাতজন এবং আশুলিয়ার তুরাগ নদী সংলগ্ন এলাকা থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।

সাভার ও আশুলিয়া এলাকার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সাভারে বিশেষ সেনা টহল মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতির কারণে শিল্পাঞ্চল ও আশপাশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, নাশকতার চেষ্টার এই ঘটনায় সাভার মডেল থানা ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেরও একাধিক নাশকতা, সহিংসতা ও হত্যা সংক্রান্ত মামলার রেকর্ড রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন