মেসির প্রেমেই আর্জেন্টিনা সমর্থক পূর্ণিমা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
মেসির প্রেমেই আর্জেন্টিনা সমর্থক পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পিছিয়ে নেই ঢালিউড তারকারাও। জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বরাবরই আর্জেন্টিনার একজন একনিষ্ঠ সমর্থক। প্রিয় দলের দারুণ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশি-সাদা জার্সি পরা ছবি শেয়ার করে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন তিনি।

পূর্ণিমা তার ফেসবুক পোস্টে লিখেছেন, “মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য ভালোবাসায় আটকে রেখেছে।” আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের পর নিজের এই অনুভূতির কথা জানান তিনি।

আর্জেন্টিনার প্রতি নিজের দীর্ঘদিনের ভালোবাসার কথা জানিয়ে পূর্ণিমা বলেন, “ছোটবেলা থেকে আর্জেন্টিনার খেলা দেখি। তবে আর্জেন্টিনার প্রতি এই প্রেম বা ভালোবাসা বেড়েছে মেসিকে ঘিরে। মেসির খেলার জাদুতে আমি বরাবরই মুগ্ধ। গতকালের ম্যাচেও তিনি কী অসাধারণ দুটি গোল করেছেন!”

পূর্ণিমা জানান, তিনি তার স্বামী আশফাকুর রহমানের সঙ্গে বসে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন। সোমবার রাতে ঢাকার শাহীনবাগের একটি রেস্টুরেন্টে স্বামী ও বন্ধুদের সঙ্গে খেলা দেখার মুহূর্তটিও বেশ আনন্দময় ছিল।

উল্লেখ্য, সোমবার রাতে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা নকআউট পর্ব নিশ্চিত করে। অধিনায়ক মেসির জোড়া গোলের সুবাদে দলের এই জয় ভক্তদের মাঝে নতুন করে প্রাণ সঞ্চার করেছে, যার রেশ ছড়িয়ে পড়েছে পূর্ণিমার মতো তারকাদের মাঝেও।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন