ভূমিকম্পে উদ্ধার কার্যক্রম জোরদারে ফায়ার সার্ভিসের সমন্বয় সভা

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ণ
ভূমিকম্পে উদ্ধার কার্যক্রম জোরদারে ফায়ার সার্ভিসের সমন্বয় সভা
মিরপুরে ফায়ার সার্ভিসের ইওসি সেন্টারে আয়োজিত ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম জোরদার বিষয়ক প্রস্তুতিমূলক সভা।

সম্ভাব্য বড় আকারের ভূমিকম্প পরবর্তী অগ্নিনির্বাপণ এবং দ্রুততম সময়ে সমন্বিত উদ্ধার কার্যক্রম পরিচালনা সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি অংশীজনদের (স্টেকহোল্ডার) নিয়ে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগ।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ইওসি) সম্মেলন কক্ষে এ সভা আয়োজিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের দিকনির্দেশনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি যেকোনো বড় ধরনের ভূকম্পন বা প্রাকৃতিক বিপর্যয় পরবর্তী সময়ে নিখুঁত ও দ্রুত উদ্ধার অভিযান চালাতে সকল জেলার দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মকর্তাদের স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে নিরবচ্ছিন্ন সমন্বয় ও যোগাযোগ রক্ষা করার কঠোর নির্দেশ দেন। পাশাপাশি যৌথ উদ্ধার পরিকল্পনা, বিশেষ প্রশিক্ষণ ও মহড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

সভায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার যেসকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ক্রেন, এক্সকেভেটরসহ অন্যান্য আধুনিক ভারি উদ্ধার সরঞ্জাম রয়েছে, সেগুলোর মালিক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. আফজাল হোসেন ফায়ার সার্ভিসের পাশাপাশি জরুরি ভিত্তিতে কাজ করার পূর্ণ আশ্বস্ত করেন এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে ভারি সরঞ্জাম ব্যবসায়ীদের নিয়ে একটি ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের যুগোপযোগী প্রস্তাব তুলে ধরেন।

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ও অংশ নেন গণপূর্ত অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তরসহ একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিরা।

মন্তব্য করুন