স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ, আচরণবিধি চূড়ান্ত করে ইসি
জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতা বজায় রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সবকটি স্তরের নির্বাচনেও পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১০ আগস্ট) স্থানীয় সরকার নির্বাচনের এই নতুন সংশোধিত আচরণবিধির খসড়া অনুমোদন দিয়ে তা চূড়ান্ত ভেটিংয়ের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা যায়, নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধান রেখে গত জুলাইয়ে আইন পাস হওয়ার পরই ২০১৬ সালের পুরোনো আচরণবিধি বাদ দিয়ে একটি যুগোপযোগী সমন্বিত খসড়া তৈরির কাজ শুরু করে কমিশন। আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন বা ভেটিং শেষে এটি গেজেট আকারে প্রকাশিত হবে।
নতুন বিধিতে যেসব পরিবর্তন আনা হয়েছে:
প্রচারসামগ্রী ও আকার: পোস্টার নিষিদ্ধ হলেও ব্যানার (সর্বোচ্চ ১০'×৪'), লিফলেট বা হ্যান্ডবিল (এ-ফোর সাইজ) এবং ফেস্টুন (১৮"×২৪") ব্যবহার করা যাবে। তবে সব প্রচারসামগ্রী অবশ্যই সাদাকালো হতে হবে। ফেস্টুন বা লিফলেটে পলিথিনের আবরণ ও পিভিসি ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
বিলবোর্ড ব্যবহারের সুযোগ: প্রথমবারের মতো নির্বাচনে নিয়ন্ত্রিত বিলবোর্ড (সর্বোচ্চ ১৬'×৯') ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়নের প্রতি ওয়ার্ডে একটি, উপজেলায় সর্বোচ্চ ২০টি এবং জেলা পরিষদ নির্বাচনে প্রতি উপজেলায় ১টি করে বিলবোর্ড রাখা যাবে।
ডিজিটাল প্রচারণা ও এআই: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার সুযোগ থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এই খাতের সকল খরচ প্রার্থীর নির্ধারিত নির্বাচনী ব্যয়ের হিসাবে যুক্ত করতে হবে।
প্রচারণার সময় ও বিধি: দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাইক বা সাউন্ড সিস্টেমে প্রচার চালানো যাবে। জীবন্ত প্রাণী ব্যবহার এবং সরকারি পদধারী ব্যক্তি বা স্থানীয় প্রতিষ্ঠানের মেয়রেরা প্রচারণায় অংশ নিতে পারবেন না।
নতুন নীতিমালায় জরিমানা ও শাস্তির মাত্রাও বাড়ানো হয়েছে। আচরণবিধি ভঙ্গের দায়ে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ছাড়াও জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। গুরুতর ভঙ্গের ক্ষেত্রে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও কমিশনের হাতে রাখা হয়েছে।
|