জুলাই হত্যা মামলায় ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ কারাগারে
ফেনী প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলাসহ মোট ৩টি মামলায় ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (প্রিন্সিপাল) মাওলানা মাহমুদুল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছালামত উল্লাহ এফজিআর ৪২১/২৪, এফজিআর ৪৯৯/২৪ এবং এফজিআর ২৭৪/২৫ নম্বর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত এফজিআর ৪৯৯/২৪ নম্বর মামলায় উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে প্রাপ্ত অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে মাওলানা মাহমুদুল হাসান আজ মঙ্গলবার নিম্ন আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালতের আদেশ জারির পরপরই কড়া নিরাপত্তায় তাঁকে ফেনী জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
ফেনী জজ কোর্টের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “আদালত মোট ৩টি মামলায় আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের জামিন নামঞ্জুর করেছেন এবং তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
এআইএল/সকালবেলা
|