বকশীগঞ্জে ২ স্কুল শিক্ষার্থী নিখোঁজ, থানায় মামলা
উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের একই গ্রাম থেকে সাত দিন ধরে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রীরা হলো— গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার (১৩) এবং স্থানীয় একটি নূরানী মাদরাসার শিক্ষার্থী আশা মনি (১১)। তারা দুজনেই বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে আফসানা ও আশা মনি বাড়ি থেকে বের হয়। এরপর আর তারা বাড়ি ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সাথে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার।
মেয়ের কোনো সন্ধান না পেয়ে আফসানা আক্তারের বাবা আল আমিন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের সন্ধান না পাওয়ায় পরিবার দুটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। আদরের সন্তানদের দ্রুত সুস্থ শরীরে ফিরে পেতে তারা প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, “লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। নিখোঁজ দুই ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পুলিশের বিশেষ টিম কাজ করছে।”
এআইএল/সকালবেলা
|