কোটচাঁদপুরে মানবপাচার রোধে আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
কোটচাঁদপুরে মানবপাচার রোধে আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক বিশেষ সমন্বয় সভা করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। 

গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সংস্থার কর্মকর্তা মাসুদ পারভেজ।

সভায় মানবপাচারের ঝুঁকি, প্রতিরোধ এবং পাচারের শিকার হয়ে উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংস্থার কর্মকর্তারা জানান, ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় তাঁরা দীর্ঘদিন ধরে মানবপাচার প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এরই মধ্যে মাঠপর্যায়ে ১৯টি উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি কোটচাঁদপুর উপজেলায় ৩৫০ জন উন্নয়ন উদ্যোক্তাকে স্বাবলম্বী করতে বিভিন্ন বিষয়ে কারিগরি ও সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার মানবপাচার প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “মানবপাচার একটি জঘন্য সামাজিক অপরাধ। প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এই অপরাধ প্রতিরোধ করা সম্ভব।”

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য তাইজুল ইসলাম, কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনসারুল্লাহ হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আশরাফুল আলম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মঈন উদ্দিন খান ও সাংবাদিক রোকনুজ্জামানসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন