জনগণের সক্রিয় অংশগ্রহণে ডেঙ্গু মোকাবিলা করবে সরকার: মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
জনগণের সক্রিয় অংশগ্রহণে ডেঙ্গু মোকাবিলা করবে সরকার: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে পুনর্গঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি, প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ ‘টাস্কফোর্স’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কায় এখন থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেন বক্তারা।

মশাবাহিত রোগ প্রতিরোধে সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে— ব্যাপক হারে সচেতনতামূলক লিফলেট বিতরণ; শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রচারণা; জনপ্রতিনিধি ও নাগরিকদের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান; ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান নিয়মিত পরীক্ষা; এডিস মশার প্রজননস্থল ধ্বংস; নির্মাণাধীন ভবন ও ছাদবাগান পরিদর্শন এবং আক্রান্ত রোগীদের তথ্য দ্রুত সংগ্রহের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা।

সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়াসা, এলজিইডি, ডিপিএইচই ও রাজউকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন