প্রধানমন্ত্রীর চীন সফরে যুক্ত হচ্ছেন তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক: চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধিদলে যোগ দিচ্ছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ লক্ষ্যে আজ মঙ্গলবার রাতে তিন দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
আজ ২৩ জুন (মঙ্গলবার) রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হবেন।
তথ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সেখানে যোগ দেবেন তথ্যমন্ত্রী। সফরকালে তিনি চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তথ্যমন্ত্রী চীনের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন। চীনের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।
এই চীন সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের কয়েকজন প্রতিমন্ত্রী ও উপদেষ্টা যুক্ত আছেন। প্রতিনিধিদলের আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে।
|