রংপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ণ
রংপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: রংপুরের তারাগঞ্জে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মুজাহিদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামের ওই শিশুটি। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। পরদিন শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় এক কৃষক পাটক্ষেতের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। এ ঘটনায় গত রোববার (২১ জুন) নিহত শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

নিহত শিশুর বাবা এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ের দুই চোখ মারাত্মকভাবে জখমপ্রাপ্ত ও মাথার পেছনে ডান দিকে রক্ত জমাট বাঁধা ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঁচড় ও ক্ষত এবং গোপনাঙ্গে রক্তক্ষরণের চিহ্ন দেখা গেছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, শিশুটির শরীরে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়েরের পর অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

মন্তব্য করুন