আশুরায় রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ও ট্রাফিক নির্দেশনা ডিএমপির

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
আশুরায় রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ও ট্রাফিক নির্দেশনা ডিএমপির

অনলাইন ডেস্ক: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবারায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এই তথ্য জানান। তিনি জানান, এবার ঢাকা মহানগরের বিভিন্ন বিভাগ থেকে ১ থেকে ১০ মহররম পর্যন্ত মোট ৬৩টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে, যার প্রতিটি রুট ও সমাবেশস্থলের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে হোসেনি দালান ইমামবারাসহ গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোতে সিসিটিভি ও ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি করা হচ্ছে। প্রবেশপথে আর্চওয়ে গেট ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন টিম ও ডিবিসহ বিশেষায়িত ইউনিটগুলো স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। গুজব প্রতিরোধে জোর দেওয়া হয়েছে সাইবার পেট্রোলিংয়ে।

ডিএমপি কমিশনার জানান, আগামী ২৬ জুন সকাল ১০টায় হোসেনি দালান ইমামবারা থেকে তাজিয়া মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডি লেকের কারবালায় গিয়ে শেষ হবে। মিছিল চলাকালীন সুনির্দিষ্ট ট্রাফিক ডাইভারশন থাকবে। তীব্র যানজট এড়াতে তিনি নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছেন।

আয়োজক কমিটির প্রতি আহ্বান জানিয়ে কমিশনার বলেন, মিছিলে ১২ ফুটের বেশি উঁচুতে নিশান নেওয়া যাবে না। এছাড়া ছুরি, চাকু, লাঠি, তরবারি, বর্শার মতো কোনো প্রকার ধারালো ধাতব বস্তু বা দাহ্য পদার্থ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী যন্ত্র, আতশবাজি বা পটকা ব্যবহার করা যাবে না। জরুরি প্রয়োজনে নগরবাসীকে ডিএমপি কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন