নিষিদ্ধ দলের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ণ
নিষিদ্ধ দলের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল-সমাবেশ বা জমায়েত করে বর্তমান সরকারকে বিব্রত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার পরিকল্পনা করেছিল। তবে পুলিশের তৎপরতায় তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার (২৩ জুন) পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া প্রাঙ্গণে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিলের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল বা সমাবেশ করার গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল। সেই অনুযায়ী গত তিনদিন ধরে ঢাকার প্রবেশমুখ ও সীমান্তবর্তী এলাকাগুলোতে চেকপোস্ট জোরদারসহ মোবাইল ও ফুট পেট্রোলের সংখ্যা বাড়ানো হয়েছে। দলটির কর্মী-সমর্থকদের নাশকতার আশঙ্কায় বিভিন্ন মেস ও হোটেলে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে।”

আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে এবং জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলে ককটেল বিস্ফোরণের ধরন দেখে এটি স্পষ্ট যে সুযোগ পেলে তারা বড় ধরনের নাশকতা করতে পারে। ঢাকার বাইরে থেকে এসে কেউ যেন ঢাকা শহরে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য আমাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”

অন্য এক প্রশ্নের জবাবে আশুরা ও তাজিয়া মিছিলে কোনো নাশকতার শঙ্কা আছে কি না জানতে চাইলে ডিএমপি প্রধান বলেন, “এই বছর এখন পর্যন্ত এ ধরনের কোনো আশঙ্কার আলামত আমাদের কাছে নেই। তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। পবিত্র আশুরার তাজিয়া মিছিলসহ সব শোক কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ডিএমপির পক্ষ থেকে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

মন্তব্য করুন