সপ্তাহজুড়ে সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে মেঘলা আকাশ, দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ জুন) রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার ও শনিবার (২৬-২৭ জুন) দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা কিছুটা কমতে পারে।
টানা বৃষ্টিপাতের কারণে নিচু এলাকা ও নগরীর জলাবদ্ধতাপ্রবণ অঞ্চলে পানি জমার আশঙ্কা রয়েছে। এছাড়া পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা উঁচু স্থানে অবস্থান না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আবহাওয়া বিভাগ।
জান্নাত সকালবেলা
|