গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরা ও এক তরুণকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। গ্যালারিতে শাকিরাকে চুমু খাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল, তবে শেষ পর্যন্ত পরিষ্কার হয়েছে আসল রহস্য।

সোমবার বিকেলে ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচ চলাকালে গ্যালারিতে দুই ছেলে সাশা ও মিলানকে নিয়ে উপস্থিত ছিলেন কলম্বিয়ান এই পপ সম্রাজ্ঞী। ম্যাচ চলাকালীন হঠাৎ ক্যামেরার আলো পড়ে শাকিরার ওপর। ঠিক সেই মুহূর্তে তার এক ছেলেকে মায়ের গালে ভালোবাসার চুমু এঁকে দিতে দেখা যায়। লাইভ সম্প্রচারে ধরা পড়া এই মিষ্টি মুহূর্তটি মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে সাধারণ দর্শক ও ফুটবলপ্রেমীদের একাংশ বেশ বিভ্রান্তিতে পড়েন। অনেকে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতে শুরু করেন যে, ওই তরুণ হয়তো শাকিরার নতুন বয়ফ্রেন্ড। ম্যাচ কমেন্টেটর মার্টিন টাইলারও মন্তব্য করেন, ৪৯ বছর বয়সী ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত এই গায়িকার চারপাশে সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে।

পরবর্তীতে স্পষ্ট হয় যে, ভিডিওতে থাকা ওই তরুণ অন্য কেউ নন, তিনি শাকিরার নিজেরই সন্তান। ভুল ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই সুন্দর সম্পর্কের প্রশংসা করেন। উল্লেখ্য, ২০২৪ সালে সাবেক স্বামী ও বিশ্বকাপজয়ী ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে একাকী জীবন যাপন করছেন। ম্যাচটির পরবর্তী সময়ে শাকিরাকে তার ছেলেদের পাশে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিতেও দেখা যায়।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন