নেপালে ৯ মাস পর তুষারধসে নিখোঁজ ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ
নেপালে ৯ মাস পর তুষারধসে নিখোঁজ ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
নেপালের ১৭ হাজার ফুটের বেশি উঁচুতে অবস্থিত ইয়ালুং রি পর্বতে উদ্ধার অভিযান পরিচালনাকারী দল।

নেপালের উত্তর-পূর্বাঞ্চলের দুর্গম রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ইয়ালুং রি (Yalung Ri) পর্বত থেকে নিখোঁজ হওয়ার প্রায় নয় মাস পর পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের নভেম্বর মাসে ভয়াবহ তুষারধসের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন তারা।

সোমবার (১০ আগস্ট) নেপালের স্থানীয় পর্বত অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশন’ ১৭ হাজার ৭১৭ ফুট উচ্চতায় বরফের নিচ থেকে মরদেহগুলোর সন্ধান পায়।

উদ্ধার হওয়া পাঁচ পর্বতারোহীর পরিচয় নিশ্চিত করেছে নেপাল সরকার। নিহতদের মধ্যে তিনজন বিদেশি নাগরিক—কানাডার মার্কো ডি মার্সেলো, ইতালির মার্কোস কির্চলার ও জার্মানির জ্যাকব স্ক্রেইবার। বাকি দুজন স্থানীয় নেপালি নাগরিক, যাঁদের নাম পাদাম তামাং ও মেরে কার্কি।

অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা (COO) পূর্বা তেনজিং শেরপা গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃত মরদেহগুলো আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে যার যার নিজ দেশের দূতাবাস ও পরিবারের কাছে মরদেহগুলো পৌঁছে দেওয়া হবে।

জনপ্রিয় কিন্তু ঝুঁকিপূর্ণ শৃঙ্গ:

৫,৬৩০ মিটার বা ১৮,৪৭১ ফুট উচ্চতার ইয়ালুং রি পর্বতটি তুলনামূলকভাবে নতুন ও অপেশাদার পর্বতারোহীদের কাছে জনপ্রিয় একটি ট্রেকিং শৃঙ্গ হিসেবে পরিচিত। এখানে খুব বেশি কারিগরি বা জটিল রকের আরোহণের প্রয়োজন না থাকলেও হিমবাহের ওপর চলাচলের জন্য মৌলিক দক্ষতা ও সতর্কতা আবশ্যক। গত নভেম্বরের আকস্মিক তুষারধসে এই অভিযাত্রী দলটির ট্রেকিং পথ বরফাবৃত হয়ে পড়ায় দীর্ঘ সময় ধরে তাদের কোনো খোঁজ মেলেনি। অবশেষে এই উদ্ধারের মধ্য দিয়ে গত ৯ মাস ধরে চলা অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান ঘটল।

মন্তব্য করুন