উজবেকিস্তানের বিপক্ষে আজ কি জ্বলে উঠবেন রোনালদো

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ
উজবেকিস্তানের বিপক্ষে আজ কি জ্বলে উঠবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে ড্রয়ের তিক্ত অভিজ্ঞতার পর বিশ্বকাপের নকআউট রাউন্ডের পথে টিকে থাকতে আজ রাত ১১টায় হিউস্টনে উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে সবার নজর থাকবে দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর। প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকায় সমালোচনার মুখে পড়েছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।

গত ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করার পর গুঞ্জন উঠেছিল যে, দলের ভেতর গৃহদাহ চলছে এবং সতীর্থরা রোনালদোকে ঠিকমতো বলের জোগান দিচ্ছেন না। তবে পর্তুগিজ উইঙ্গার ফ্রাসিন্সকো কনসেসাও এসব গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, “আমরা তাকেই পাস দেব যে সুবিধাজনক অবস্থানে আছে। রোনালদো আমাদের কাছে একটি দৃষ্টান্ত এবং তার গোল করার ক্ষুধা এখনো অম্লান।”

ম্যানচেস্টার সিটির তারকা রুবেন দিয়াসও তার নেতার পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “সমালোচনা খেলারই অংশ। ক্রিশ্চিয়ানো অতীতেও চ্যাম্পিয়নের মতো ফিরেছেন, এবারও ফিরবেন। তাকে নিয়ে আমরা একটুও চিন্তিত নই।”

ছয়টি বিশ্বকাপ খেলা রোনালদো কঙ্গোর বিপক্ষে পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন। তিনি তিনটি সুযোগ পেলেও একটি শটও লক্ষ্যবস্তুতে রাখতে পারেননি। ম্যাচ শেষে হতাশা এবং প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়ার ঘটনায় দর্শকদের বিদ্রুপও শুনতে হয়েছে তাকে। তার পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্বে এখন একটাই প্রশ্ন—তিনি কি বয়সের ভার কাটিয়ে আজ ছন্দে ফিরতে পারবেন?

প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হারা উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়াটা পর্তুগালের জন্য জরুরি হয়ে পড়েছে। যদিও ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এশিয়ার দেশগুলোর বিপক্ষে শেষ দুটি বিশ্বকাপ ম্যাচে জয়ের স্বাদ পায়নি পর্তুগাল। আজ উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের এই ইতিহাস বদলানোর মিশনে রোনালদো জ্বলে উঠতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন