ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে গাড়ির ভেতর ২ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপজুড়ে নজিরবিহীন ও তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যে সোমবার (২২ জুন) ফ্রান্সে একটি পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুই শিশুর একজনের বয়স দুই এবং অন্যজনের চার বছর। দক্ষিণ ফ্রান্সের কার্পেন্ত্রাস শহরের একটি আবাসিক পার্কিং এলাকায় পারিবারিক গাড়ির ভেতর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং তাপপ্রবাহের ক্ষয়ক্ষতি কমাতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তকারীদের ধারণা, প্রবল তাপপ্রবাহই তাদের মৃত্যুর সবচেয়ে সম্ভাব্য কারণ।
জরুরি সেবা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে একটি ফোন কল পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে শিশুদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া অবস্থায় পায়। ঘটনার সময় তাদের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকেও চিকিৎসা দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইউরোপে চলমান এই তাপপ্রবাহের কারণে বাইরের সব ধরনের সামাজিক অনুষ্ঠান বাতিল, গণপরিবহন ব্যবস্থা ব্যাহত, স্কুল বন্ধ ও কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বয়স্ক ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, বারবার এই ধরনের তাপপ্রবাহ জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রমাণ এবং ভবিষ্যতে এগুলো আরও ঘন ঘন, দীর্ঘস্থায়ী ও তীব্র হতে পারে।
ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেটিও জানিয়েছে, জুন মাসে দেশটির গড় তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। প্রবল গরমের কারণে ইতোমধ্যে ১,৩৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দিনে ও রাতে গড় তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ২০২৫ সালের ৩০ জুনের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তাপপ্রবাহের কারণে ফ্রান্সের অর্ধেকেরও বেশি এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে, যার ফলে প্রায় ৩ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ সরাসরি চরম ঝুঁকির মুখে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর মঙ্গলবার একটি জরুরি বৈঠক করার কথা রয়েছে।
এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার তাপমাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। নগর কর্তৃপক্ষ গৃহহীন ও ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য ‘জলবায়ু আশ্রয়কেন্দ্র’ স্থাপন করেছে। এটি দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে পানি, খাবার ও জরুরি স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া দক্ষিণ স্পেনের কর্ডোবা শহরেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। অন্যদিকে, জার্মানিতে তীব্র গরমে সপ্তাহান্তে সাঁতার কাটতে গিয়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
|