মোকামতলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
মোকামতলা প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে দলটির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রাজা চৌধুরী এবং দেউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর নামে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে এড়ানো যায়, সে লক্ষ্যেই এই আগাম প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “উপজেলার সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পর্যবেক্ষণে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড রুখে দিতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
এআইএল/সকালবেলা
|