বিশ্বকাপের মাঝেই নাটকীয় প্রত্যাবর্তন ব্রাজিলের সিলভার
স্পোর্টস ডেস্ক: ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আবারও নিজের শিকড়ে ফিরলেন ব্রাজিলিয়ান অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। দীর্ঘ এক বছরের বিরতির পর ৪১ বছর বয়সী এই তারকা আবারো যোগ দিলেন তার পুরোনো ক্লাব ফ্লুমিনেন্সে। সোমবার ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার প্রত্যাবর্তনের কথা জানানো হয়। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত তিনি দলটির হয়ে খেলবেন।
গত বছরের শেষদিকে ফ্লুমিনেন্সে ছেড়ে পর্তুগিজ ক্লাব পোর্তোতে যোগ দিয়েছিলেন সিলভা। তবে ইউরোপীয় মৌসুম শেষে ক্লাবটির সাথে তার চুক্তির ইতি ঘটলে তিনি ফ্রি এজেন্টে পরিণত হন। এরপরই সিলভাকে ফিরিয়ে আনতে তৎপর হয় ফ্লুমিনেন্সে কর্তৃপক্ষ। ক্লাবের এই উদ্যোগ এবং দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত নিজের আবেগঘন ঠিকানাতেই ফেরার সিদ্ধান্ত নেন এই ডিফেন্ডার।
উল্লেখ্য, সিলভার ফ্লুমিনেন্সে ছাড়ার পেছনে মূলত দুটি কারণ ছিল—ইংল্যান্ডে থাকা পরিবারের সান্নিধ্য লাভ এবং ২০২৬ বিশ্বকাপ দলে নিজের জায়গা নিশ্চিত করা। তবে শেষ পর্যন্ত ব্রাজিল দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এমন পরিস্থিতির সুযোগ নিয়েই ফ্লুমিনেন্সে তাকে ফিরিয়ে আনতে ‘টাস্ক ফোর্স’ গঠন করেছিল।
সিলভার এই প্রত্যাবর্তন কেবল ক্লাবটির জন্যই নয়, ভক্তদের জন্যও এক বড় স্বস্তির খবর। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে ঘিরে এখন নতুন স্বপ্ন বুনছে ফ্লুমিনেন্সে।
জান্নাত সকালবেলা
|