১৪ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা দেবে কলেজ–মাদ্রাসার শিক্ষার্থীরা
মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মাদ্রাসার নিজস্ব বিশেষায়িত ও ধর্মীয় বিষয়গুলো ছাড়া সাধারণ ধারার সাথে মিল থাকা বিষয়গুলোতে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিষয়গুলো হলো
বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।গণিত (আবশ্যিক)। বাংলাদেশ ও বিশ্বপরিচয়। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। উচ্চতর গণিত, পৌরনীতি, কৃষিশিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান।
বিগত বছরগুলোতে প্রতিটি বোর্ড আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় প্রশ্নপত্রের মান ও কঠিনতা নিয়ে বিতর্ক তৈরি হতো, যা শিক্ষার্থীদের মধ্যে অযাচিত প্রতিযোগিতা ও মানসিক চাপ সৃষ্টি করত। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, “একই দেশে এইচএসসির মতো বড় পাবলিক পরীক্ষা ভিন্ন প্রশ্নে হতে পারে না। এই বৈষম্য দূর করতেই এবার একক প্রশ্নে পরীক্ষা আয়োজন করা হচ্ছে।”
স্বতন্ত্র কারিকুলাম ও সিলেবাসের কারণে কারিগরি শিক্ষা বোর্ড আপাতত এই উদ্যোগের বাইরে থাকছে। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ জানান, সাধারণ শিক্ষা বোর্ডের সাথে তাদের পাঠ্যক্রমের সরাসরি মিল না থাকায় এবছর তারা নিজস্ব প্রশ্নপত্রেই পরীক্ষা নেবে।
আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী রয়েছে। সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্র সংরক্ষণ, পরিবহন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ২৪ জুন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রসচিব ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
জান্নাত সকালবেলা
|