আলিয়ার শিক্ষকতায় কওমিদের সুযোগ, পরিপত্র জারি
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে (আলিয়া মাদরাসা) 'সহকারী মৌলভী (কারী)' এবং 'ইবতেদায়ী কারী' পদে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার শর্তাবলি পুনর্নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নির্দেশনার ফলে আলিয়ার পাশাপাশি কওমি মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
আজ মঙ্গলবার (২৩ জুন) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখা থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে উল্লেখিত সিদ্ধান্ত অনুযায়ী, উভয় পদের জন্যই চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে (তবে সমপদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)। এছাড়া সমগ্র শিক্ষা জীবনে যেকোনো একটি পরীক্ষায় ন্যূনতম তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে। পদ দুটির শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া হলো:
সহকারী মৌলভী (কারী): প্রার্থীকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল (মুজাক্কিব) অথবা আলিম (মুজাক্কিব মাহির) পাস হতে হবে এবং সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রিধারী হতে হবে। অথবা, সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত/দারসে কেরাত/কারী/হাফিজে কুরআন সনদের পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রি থাকতে হবে।
ইবতেদায়ী কারী: কওমি মাদরাসার শিক্ষার্থীরা এই পদে আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীকে 'আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ'-এর অধীনে দাওরায়ে হাদিস (তাকমিল) ডিগ্রিসহ সরকার স্বীকৃত ৬টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের যেকোনো একটি থেকে ইলমে কিরাত অথবা হিফজুল কুরআন সনদপ্রাপ্ত হতে হবে।
মন্ত্রণালয়ের জারি করা এই নতুন সিদ্ধান্ত ও পরিপত্র অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|