এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এই সভায় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
প্রশ্নফাঁস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “বিগত বছরগুলোতে প্রশ্নফাঁস ছিল দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চক্র ভাঙতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে।” তিনি আরও জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি নিজে বিজি প্রেসে (বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস) উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন। এছাড়া ফলাফল মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম রোধে খাতাগুলো রেন্ডমলি (এলোমেলোভাবে) যাচাই করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
‘নকল’ প্রথা দূর করার বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, “নকলের বিষয়টি আমি আগেই কবর দিয়ে এসেছি। এখন নতুন চ্যালেঞ্জ হলো ডিজিটাল নকল, যাকে একইভাবে প্রতিহত করা হবে।”
এসময় তিনি দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান ধারা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “সবাই শুধু উচ্চশিক্ষা বা অনার্স পড়ার দিকে ঝুঁকছে। সব ক্ষেত্রে অনার্সের কি আদৌ প্রয়োজন আছে?”—এ প্রশ্ন রেখে তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্বারোপ করার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করেন।
জান্নাত সকালবেলা
|