ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা, তদন্তে ৩ সদস্যের জামায়াত কমিটি

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা, তদন্তে ৩ সদস্যের জামায়াত কমিটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ সমাবেশ চলাকালীন এক সংবাদকর্মীকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে মারধরের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী। পুরো ঘটনাটিকে ‘ভুল-বোঝাবুঝি’ এবং অনাকাঙ্ক্ষিত দাবি করে দলটির পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠেকাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে অবস্থান নেয় জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সকাল পৌনে ৯টার দিকে সমাবেশ চলাকালে বক্তব্য দীর্ঘায়িত করা নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে নেতাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে মারধর করা হয় এবং তাঁকে বাঁচাতে গিয়ে আরও কয়েকজন সংবাদকর্মী আহত হন।

এ বিষয়ে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে দলের ধানমন্ডি জোনের পরিচালক নুর নবী মানিকের নেতৃত্বে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল বুধবারের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এই তদন্তের মাধ্যমে জামায়াতের কেউ এতে সরাসরি জড়িত কি না, তা যেমন খতিয়ে দেখা হবে, তেমনি জনসমাগমের সুযোগ নিয়ে বাইরে থেকে এসে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কি না, তাও নিশ্চিত করা হবে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তীতে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন