রাজধানীতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল
নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্কতা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।
আজ মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর শান্তিনগর বাজার এলাকা থেকে এই প্রতিবাদী মিছিলটি শুরু হয়। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মিছিলটি কাকরাইল মোড়, নাইটিংগেল মোড়, পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড়, আজাদ প্রোডাক্টস ও ফকিরাপুল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতৃবৃন্দ দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় প্রতিবাদী মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি এবং মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
|