আওয়ামী লীগকে আর সুযোগ দেওয়া হবে না: এমপি কামাল

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ
আওয়ামী লীগকে আর সুযোগ দেওয়া হবে না: এমপি কামাল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে জনগণের ‘রক্তচোষা’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ৫ আগস্টের পর থেকে বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু এদেশের জনগণের রক্তচোষা আওয়ামী লীগকে আর রাজপথে কোনো সুযোগ দেওয়া হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন জোন ও থানার উদ্যোগে আজ মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকালে যাত্রাবাড়ী এলাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়ার পর এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিছিলটি যাত্রাবাড়ী টনি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে শহীদ ফারুক সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের সাবেক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তীব্র প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ রাজপথে নতুন করে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে শক্ত ভূমিকা বজায় রাখবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখে দিতে দেশের জনগণ এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে। বিগত দিনের গণহত্যার বিচারের মুখোমুখি হওয়া ব্যতিত আওয়ামী লীগের জন্য রাজনৈতিকভাবে আর বিকল্প কোনো পথ খোলা নেই।

মন্তব্য করুন