দেশে হামের প্রকোপে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে হামের প্রকোপ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের।
একই সময়কাল পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ২৯৭ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৯৪ হাজার ৭৬৪ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে রয়েছে। এই বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ৩০৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ২৬১ জন।
বিশেষজ্ঞরা অভিভাবকদের জরুরি ভিত্তিতে শিশুদের স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন এবং হামের উপসর্গ দেখা দিলেই দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।
জান্নাত সকালবেলা
|