না ফেরার দেশে নৃত্য পরিচালক জাকির হোসেন

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
না ফেরার দেশে নৃত্য পরিচালক জাকির হোসেন

বিনোদন ডেস্ক: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হার মানলেন ঢালিউডের পরিচিত নৃত্য পরিচালক জাকির হোসেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাগ্নে মনির।

অনেক দিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন এই শিল্পী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত মে মাসে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা শেষে দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছিল। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারি সহায়তার আবেদনও জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত না ফেরার দেশেই পাড়ি জমালেন এই গুণী মানুষটি।

জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা জায়েদ খান শোক প্রকাশ করে বলেন, “জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। আমার বেশ কয়েকটি সিনেমার গানে তিনি নৃত্য পরিচালনা করেছেন। এছাড়া তিনি দুইবার চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে আমার সঙ্গে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।”

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত নৃত্য পরিচালকদের একজন ছিলেন জাকির হোসেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ছবির নৃত্যের কাজ করেছেন তিনি। অভিনয়ের জগতেও তাকে মাঝে মাঝে দেখা গেছে। তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্পের একটি অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন তার সহকর্মীরা।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন