গোপালপুরে নিষিদ্ধ যুবলীগের সম্পাদক গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ণ
গোপালপুরে নিষিদ্ধ যুবলীগের সম্পাদক গ্রেপ্তার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের উপজেলা সাধারণ সম্পাদক ও নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রংপুরের কোতোয়ালি থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান সোহেল নগদাশিমলা ইউনিয়নের হাজীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নজরুল ইসলাম জানান, আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি হত্যা মামলা এবং গোপালপুর থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে তাঁকে টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় রংপুরের একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন