রাজধানীতে বিএনপি নেতাকে গুলি, নারীসহ আহত ২

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ণ
রাজধানীতে বিএনপি নেতাকে গুলি, নারীসহ আহত ২

স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে চায়ের দোকানের সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে মাছ ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা আলমগীর হোসেনকে (৪৫) গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় পথচারী এক নারীও গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের ২ নম্বর সড়কের বি-ব্লক (মিল্লাত ক্যাম্প) এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আলমগীর হোসেন ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির সক্রিয় সদস্য এবং পেশায় মাছ ব্যবসায়ী। তাঁর মাথার ডান পাশ, পেটের ডান পাশ ও নিতম্বে তিনটি গুলি লেগেছে। আহত অপর নারী রাজিয়া (বা জোছনা বেগম) রাস্তা পার হওয়ার সময় পায়ে গুলিবিদ্ধ হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মিল্লাত ক্যাম্প এলাকার একটি চায়ের দোকানের সামনে বসে গল্প করছিলেন আলমগীর। এ সময় একটি প্রাইভেটকারে করে চারজন দুর্বৃত্ত এসে গাড়ি থেকে নেমেই আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত সটে পড়ে।

মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আলমগীর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ইসলামীয়া হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় যুবলীগকর্মী রুবেল ও বাপ্পাসহ ৪ জন এই অতর্কিত হামলায় অংশ নেয়। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কিংবা নিরপেক্ষ কোনো সূত্রে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

পল্লবী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির আলামত পাওয়া গেছে। রাজনৈতিক বা ব্যবসায়িক বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন