সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভৈরবের শিল্পী পেহেলি নিহত
বিশেষ প্রতিবেদক: ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর (কাশিকাপন) এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও প্রায় ১৭ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের তালিকায় ভৈরবের উদীয়মান বাউলশিল্পী পেহেলি ভৈরবী রয়েছেন বলে তাঁর পরিবার নিশ্চিত করেছে। দুর্ঘটনায় তাঁর বাবাও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাউলশিল্পী পেহেলি ভৈরবী বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক বাউলগানের অনুষ্ঠান শেষে সকালে যাত্রীবাহী বাসে করে ভৈরবে ফিরছিলেন। পথে কাশিকাপন এলাকায় বিপরীতমুখী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাস দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পেহেলি ভৈরবীসহ কয়েকজন প্রাণ হারান। পেহেলির আকস্মিক প্রয়াণে সংগীত ও বাউলশিল্পী অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার কাজ চলছে।
এআইএল/সকালবেলা
|