মানবিক বিচারকের অভাবই বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট: আইনমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
মানবিক বিচারকের অভাবই বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট: আইনমন্ত্রী
ঝিনাইদহের শৈলকূপায় শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মানবিক মূল্যবোধ ও সহমর্মিতাসম্পন্ন বিচারকের অভাবকেই বর্তমান দেশের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় সংকট হিসেবে চিহ্নিত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, “আমাদের লক্ষ্য এমন একটি শক্ত ও স্বাধীন বিচার বিভাগ গড়ে তোলা, যেখানে মহান সৃষ্টিকর্তার পরেই রাষ্ট্রের সাধারণ মানুষ তাদের ন্যায়বিচারের জন্য সর্বোচ্চ আস্থা ও নির্ভরতার স্থান খুঁজে পাবে।”

আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে 'আগামীর শৈলকূপা' নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রখ্যাত চিত্রশিল্পী ও পাপেট নির্মাতা মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ের প্রতি ইঙ্গিত করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, “তিনি দেশে ফিরুন, আমি মনেপ্রাণে এটি বিশ্বাস ও প্রত্যাশা করতে চাই। দেশে ফিরে এসে তিনি পলাতক না থেকে বিচার ও আইনের স্বাভাবিক পথ ধরে হাঁটুক—সেটাই সমীচীন হবে।”

'আগামীর শৈলকূপা' সংগঠনের নির্বাহী ও বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং জেলা পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান।

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নিয়ে প্রয়াত শিল্পী মুস্তফা মনোয়ারের স্মৃতি ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য করুন