গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ঢেঁকি দিয়ে ঘরের দরজা ভেঙে এক পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৬ থেকে ৭ জনের এক ডাকাত দল তাণ্ডব চালিয়ে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাচলটিয়া গ্রামের আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ৪-৫ জন ডাকাত ঢেঁকি দিয়ে রান্নাঘরের পাশের কাঁচা কাঠের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বাকিরা বাইরে পাহারা দেয়। ঘরে ঢুকেই তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর আলমারি ও ওয়্যারড্রব ভেঙে প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মূল্যবান কাগজপত্র লুট করে চম্পট দেয়।

আব্দুস সামাদ মোল্লার ভাতিজি তানিমা সুলতানা ও ভাই মাওলানা নজরুল ইসলাম জানান, এমন ভয়াবহ ডাকাতির ঘটনা এলাকায় নজিরবিহীন। ডাকাতেরা সবাইকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি রেখে মালামাল লুট করে নিয়ে গেছে, যার ফলে পরিবারটি এখনো আতঙ্কে রয়েছে।

গোসিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিকল্পিতভাবে গভীর রাতে এ ঘটনা ঘটানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ডাকাতির প্রমাণ মিলেছে। জড়িতদের শনাক্ত, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন