ঝিনাইদহে পুকুরে ডুবে স্কুলছাত্রের করুণ মৃত্যু
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে পুকুরে নেমে সিয়াম হোসেন (৮) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার বিদ্যাধরপুর পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। পরিবারের দুই বোনের মাঝে সে-ই ছিল একমাত্র ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাবার সঙ্গে চুল কাটিয়ে এসে বিদ্যালয় মাঠে বন্ধুদের সাথে খেলাধুলা করছিল সিয়াম। খেলা শেষে বন্ধুদের সঙ্গে পাশের একটি পুকুরে গোসল করতে নামে সে। সাঁতার কাটার একপর্যায়ে সিয়ামকে পানিতে দেখতে না পেয়ে তার সঙ্গীরা চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুকুরে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন জানান, খবর পেয়ে তিনি পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে সিয়ামকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে দ্রুত তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনসারুল্লাহ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় কোনো অপমৃত্যুর অভিযোগ বা অপবাদ দায়ের হয়নি। পরিবরের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা
|