জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও কসমেটিকস জব্দ

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও কসমেটিকস জব্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ১০৭৭ নম্বর সীমান্ত পিলারের কাছে এক ঝটিকা অভিযান চালান। অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া মালিকবিহীন ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকা।

এর আগে বুধবার (৫ আগস্ট) রাতে অপর এক অভিযানে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ি এলাকা থেকে ৯০৯ পিস অবৈধ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেন। এসব প্রসাধনীর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা।

বিজিবি জানায়, ভারতীয় মদ ও কসমেটিকস পণ্য উদ্ধারের এসব ঘটনায় বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রুখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির 'জিরো টলারেন্স' নীতি বজায় রেখে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন