স্বাস্থ্য ও জ্বালানি খাত স্বনির্ভর করতে কাজ করছে সরকার: তারেক রহমান

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ণ
স্বাস্থ্য ও জ্বালানি খাত স্বনির্ভর করতে কাজ করছে সরকার: তারেক রহমান
জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে ড্যাব-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ দেশের প্রতিটি খাতকে স্বনির্ভর ও স্বয়ংসস্পূর্ণ করতে বর্তমান সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও তার পর্যায়ক্রমিক বাস্তবায়ন চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সমাবেশস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুনের চারা রোপণ করেন। পরবর্তীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন-পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের শুভ সূচনা করেন তিনি।

স্বাস্থ্য সেবার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "চিকিৎসা সেবায় সরকারের মূল নীতি 'প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর' বা নিরাময়ের চেয়ে প্রতিরোধই উত্তম। সাধারণ মানুষকে রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে প্রারম্ভিক পর্যায়ে সচেতন করতে পারলে বড় ঝুঁকি এড়ানো সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে দেশে বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি নতুন করে আরও এক লাখ 'হেলথ ওয়ার্কার' বা স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।" এসব স্বাস্থ্যকর্মীদের দক্ষ করে তুলতে চিকিৎসকদের অগ্রণী নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

পেশাজীবীদের রাজনীতিতে সম্পৃক্ততা প্রসঙ্গে তারেক রহমান বলেন, "গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার্থী বা পেশাজীবীদের রাজনৈতিক সচেতনতা ও মতাদর্শ থাকা স্বাভাবিক। তবে অতিমাত্রায় রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটানোর কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে রাজনীতির গুণগত পরিবর্তন আনা এখন সময়ের দাবি।"

দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পেছনের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, "পূর্বে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে গিয়ে যে অপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার কঠিন খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও সরকারকে দিতে হচ্ছে। একটি ভঙ্গুর অবস্থা থেকে দায়িত্ব নিয়ে আমরা ধীরে ধীরে মানুষকে এসব সংকট থেকে বের করে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।"

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ বিশিষ্ট চিকিৎসক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন