শ্যামনগরে হাতুড়ে চিকিৎসকের হাতে রোগীর মৃত্যুর অভিযোগ

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ
শ্যামনগরে হাতুড়ে চিকিৎসকের হাতে রোগীর মৃত্যুর অভিযোগ

মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অপচিকিৎসায় পাইলসের অস্ত্রোপচারের সময় আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, কোনো প্রকার আইনি অনুমোদন ও বিশেষজ্ঞ পরামর্শ ছাড়াই গ্রাম্য চিকিৎসকের অনভিজ্ঞ হাতে ইনজেকশন প্রয়োগের পরপরই তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং অপারেশন টেবিলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (৮ আগস্ট) উপজেলার দাসকাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার ভবানীপুর গ্রামের মৃত মোবারক গাজীর ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের পাইলস রোগের চিকিৎসার উদ্দেশ্যে আলমগীর দাসকাটি গ্রামের গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফার শরণাপন্ন হন। সেখানে কোনো প্রকার উপযুক্ত অস্ত্রোপচার কক্ষ কিংবা জরুরি সেবা ব্যবস্থা ছাড়াই পাইলস অপারেশনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে তাঁকে ইনজেকশন পুশ করা হয়। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আলমগীর তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্বজনদের অভিযোগ, সনদহীন হাতুড়ে চিকিৎসকের অনভিজ্ঞতা ও অবহেলার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ স্বজনেরা।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীকে হাসপাতালে আনার অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি একটি আইনি সংক্রান্ত ঘটনা হওয়ায় তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল পাটোয়ারী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও সুষ্ঠু তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফা গা-ঢাকা দেওয়ায় তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন