বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি: প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ণ
বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি: প্রতিমন্ত্রী শরীফুল আলম

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেছেন, "বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে, তাঁদের জনম্যান্ডেট নিয়েই বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে।"

আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদীতে আগমন উপলক্ষে কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশফাক আহমেদ জুন, রুহুল আমিন আকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন, "বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছরের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। নির্দিষ্ট মেয়াদ শেষে আমরা আবার জনগণের কাছেই ফিরে যাব। দল পরিচালনা বা রাষ্ট্র পরিচালনায় আমরা ব্যর্থ হলে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে ভোট দেবে। তাই দেশবাসীকে দেখতে দিন আমরা জনগণের কল্যাণে কী করতে পারি।"

বিরোধী দলগুলোর রাজনৈতিক আচরণের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, "অযথা বিভ্রান্তি ছড়িয়ে অন্যের এজেন্ডা বাস্তবায়ন কিংবা স্বৈরাচারী মনোভাব নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে কোনো লাভ হবে না। সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অরাজনৈতিক বক্তব্য না দিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন