‘কিং অব দ্য নর্থ’ হচ্ছেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
‘কিং অব দ্য নর্থ’ হচ্ছেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ রাজনীতিতে যেন নতুন করে ‘গেম অব থ্রোনস’-এর গল্পের আবহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী ও লেবার নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দেশটির রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন—কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী? এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন ‘কিং অব দ্য নর্থ’ হিসেবে পরিচিত লেবার পার্টির প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহ্যাম।

স্টারমারের বিদায়ের ফলে গত এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে যুক্তরাজ্য তার সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে, যা দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে আরও প্রকট করে তুলেছে। সদ্য মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে ফেরা অ্যান্ডি বার্নহ্যামের দিকেই এখন সবার নজর। তিনি লেবার পার্টির নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে অন্যতম শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হচ্ছেন।

১৯৭০ সালে জন্মগ্রহণকারী ৫৬ বছর বয়সী বার্নহ্যাম ব্রিটেনের রাজনীতিতে নতুন কোনো মুখ নন। গর্ডন ব্রাউনের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৫ ও ২০১৭ সালে নেতৃত্বের দৌড়ে ব্যর্থ হলেও, গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে তিনি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার গৃহীত ‘বি নেটওয়ার্ক’ গণপরিবহন ব্যবস্থা তাকে বিশেষ পরিচিতি দিয়েছে।

২০২০ সালে করোনা মহামারির সময় তৎকালীন বরিস জনসন সরকারের বিরুদ্ধে উত্তর ইংল্যান্ডের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন বার্নহ্যাম। লন্ডনকেন্দ্রিক রাজনীতির সমালোচনা করে উত্তরাঞ্চলের মানুষের জন্য আর্থিক সহায়তার দাবি তুলে তিনি হয়ে ওঠেন প্রতিরোধের প্রতীক। এই কারণেই ভক্তরা তাকে ‘কিং অব দ্য নর্থ’ উপাধি দেয়।

বার্নহ্যামের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার আঞ্চলিক জনপ্রিয়তাকে পুরো যুক্তরাজ্যের জাতীয় সমর্থনে রূপান্তর করা। শুধুমাত্র ইংল্যান্ডের উত্তরাঞ্চল নয়, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের ভোটারদের আস্থাও তাকে অর্জন করতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অ্যান্ডি বার্নহ্যামের উত্থান ব্রিটিশ রাজনীতির ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে। এখন দেখার বিষয়, তিনি সত্যিই যুক্তরাজ্যের ‘আইরন থ্রোন’ বা প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট দখল করতে পারেন কি না।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন