আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও সেনা মোতায়েন

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও সেনা মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা রোধে রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই অঞ্চলে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

আজ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এলাকার সকল প্রবেশপথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনগণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পুলিশ, র‍্যাব, ডিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে কঠোর অবস্থানে রয়েছেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অস্থিরতা এড়াতে পুরো রাজধানীজুড়ে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে মিছিল বা সমাবেশের চেষ্টার অভিযোগে অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা রয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত দলটির কোনো ধরনের কর্মসূচি পালন করতে না দেওয়া এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এই সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন