রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রংপুর নগরীর পায়রা চত্বরে অবস্থিত নর্থ ভিউ আবাসিক হোটেল ও রেস্টুরেন্টের ৯ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত কিশোরীর নাম নুজসাত। সে নগরীর খলিফাপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। এ বছর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ৪৫ মিনিটে ওই কিশোরী একাই হোটেলের ছাদে ওঠে। কিছুক্ষণ মোবাইল দেখার পর রেলিংয়ে উঠে সে। এরপর নিচে পড়ে যায়।
সনাতন চক্রবর্তী বলেন, এটি আত্মহত্যা নাকি প্ররোচনার ঘটনা, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে একটি অভিজাত আবাসিক হোটেলের ছাদ খোলা থাকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনাটি জানার পর স্থানীয়রাও এ বিষয়ে প্রশ্ন তুলেছেন।
|