রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
রাজশাহী ব্যুরো: রাজশাহীতে পারিবারিক বিবাদের জেরে ছেলের লাঠির আঘাতে রেজাউল করিম (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়ইতলা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে রাকিবুল করিম পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাকিবুল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি বাড়িতেই চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। নিহত রেজাউল করিমের সঙ্গে তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগমের বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
আজ সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রাকিবুল তাঁর মায়ের পক্ষ নিয়ে বাবার ওপর চড়াও হন। উত্তেজিত হয়ে তিনি একটি বাঁশের লাঠি দিয়ে বাবা রেজাউল করিমের মাথায় সজোরে আঘাত করেন। লাঠির আঘাতে রেজাউল করিম গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
রক্তাক্ত অবস্থায় পরিবারের অন্য সদস্যরা রেজাউল করিমকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, বাবার মাথায় আঘাত করার পরপরই রাকিবুল নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দ্রুত পালিয়ে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটিকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। মূলত পারিবারিক কলহের জেরে আকস্মিক উত্তেজিত হয়ে ছেলের করা লাঠির আঘাতেই বাবার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর পরই ছেলে মোটরসাইকেল নিয়ে এলাকা ছেড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। বিকেলে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|