গোপালগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: কঠোর নিরাপত্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে। তবে এখন পর্যন্ত কোথাও দলটির ব্যানারে কোনো সভা, সমাবেশ বা মিছিলের খবর পাওয়া যায়নি।
জেলাজুড়ে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্নে পালন করছেন। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা গেছে, কার্যালয়ের গেটে তালা ঝুলছে এবং সেখানে কোনো নেতাকর্মীর উপস্থিতি নেই।
নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট ৬ জনকে গ্রেপ্তার করেছে। জেলাজুড়ে প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। এদিকে, বেলা ১১টার দিকে গোপালগঞ্জ কলেজের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের একটি মিছিল করতে দেখা গেছে।
মাঠপর্যায়ে কোনো দৃশ্যমান কর্মসূচি না থাকলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর চাপের মুখেও তাদের মতপ্রকাশের অধিকার বজায় রাখার দাবি জানিয়েছেন।
সব মিলিয়ে, প্রশাসনের সর্বোচ্চ সতর্কতায় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণভাবে সেনাবাহিনী ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
জান্নাত সকালবেলা
|