নতুন চলচ্চিত্র ‘সোমেশ্বরী’ নিয়ে নওশাবা
বিনোদন ডেস্ক: অভিনেত্রী হিসেবে দীর্ঘদিনের পথচলায় সুনাম কুড়িয়েছেন কাজী নওশাবা আহমেদ। বিশেষ শিশুদের নিয়ে গঠিত নাটকের দল ‘টুগেদার উই ক্যান’-এর মাধ্যমে নির্দেশনায় আগেই দক্ষতা প্রমাণ করেছেন তিনি। তবে এবার প্রথমবারের মতো চলচ্চিত্রের নির্দেশনায় যুক্ত হলেন এই অভিনেত্রী। ছবির নাম ‘সোমেশ্বরী’।
সুনামগঞ্জের মধ্যনগর ও এর আশেপাশের এলাকার প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে তৈরি হয়েছে ‘সোমেশ্বরী’। এটি মূলত একটি দলীয় প্রচেষ্টা। চিত্রনাট্য সাজানো থেকে শুরু করে পরিচালনার দায়িত্বে নওশাবার সাথে ছিলেন আপন, লতা এবং জাহিদসহ আরও কয়েকজন। প্রযোজক বিবেশ রায় জানিয়েছেন, সম্পূর্ণ দলগত উদ্যোগে ছবিটি নির্মাণ করা হয়েছে।
ছবিটি নিয়ে নওশাবা জানান, কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই তারা দল বেঁধে মধ্যনগরে চলে যান। সেখানে গিয়েই গল্পের চিত্রনাট্য সাজানো হয় এবং স্থানীয় মানুষজনকে নিয়েই শুটিং সম্পন্ন হয়। নওশাবা বলেন, “মূল চরিত্রে আমার অভিনয় করার কথা ছিল না, কিন্তু উপযুক্ত কাউকে না পেয়ে শেষ পর্যন্ত আমাকেই দায়িত্বটি নিতে হয়েছে।” তিনি আরও যোগ করেন, প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পেলেও চরিত্রটিতে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি।
ছবির প্রেক্ষাপট সম্পর্কে অভিনেত্রী বলেন, “প্রকৃতির সংস্পর্শে গিয়ে প্রকৃতির কথা বলা”—এটাই ছবিটির মূল সুর।
ছবিটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। কাজ শেষ হলে মুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নওশাবা জানান, তারা ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন, পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোরও ইচ্ছা রয়েছে তাদের।
উল্লেখ্য, ‘সোমেশ্বরী’ ছাড়াও বর্তমানে নওশাবার হাতে একটি পূর্ণদৈর্ঘ্য ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে, যা পোস্ট-প্রডাকশন পর্যায়ে আছে। এসবের পাশাপাশি নিজের প্ল্যাটফর্ম ‘টুগেদার উই ক্যান’ নিয়েও নিয়মিত কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।
জান্নাত সকালবেলা
|