‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ রচনা, নতুন সঞ্চালক স্বস্তিকা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ রচনা, নতুন সঞ্চালক স্বস্তিকা

বিনোদন ডেস্ক: দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর অবিচ্ছেদ্য অংশ ছিলেন রচনা ব্যানার্জি। কিন্তু শো-এর নতুন সিজনে বড় ধরনের রদবদল নিয়ে এসেছে জি বাংলা। নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আগামী ২৯ জুন থেকে নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠান।

শুধুমাত্র সঞ্চালক বদল নয়, শো-এর ফরম্যাট এবং সম্প্রচারের সময়সূচীতেও এসেছে নতুনত্ব। এতদিন চারজন প্রতিযোগী নিয়ে খেলা হলেও, নতুন সিজনে একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। খেলার ধরন পরিবর্তনের পাশাপাশি অনুষ্ঠানটি এবার থেকে দেখা যাবে স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে।

দীর্ঘ সময় অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনার পর বাদ পড়া প্রসঙ্গে রচনা ব্যানার্জি বলেন, “কাজের চাপ ও চ্যানেলের সিদ্ধান্তের কারণে এই পরিবর্তন। চ্যানেলের সিদ্ধান্তের ওপর আমার কোনো হাত নেই।” তবে শো-এর সাফল্যের পেছনে নিজের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “অনুষ্ঠানটি আজ যে উচ্চতায় পৌঁছেছে, তা আমার অবদান ও পরিশ্রমের ফসল। এখন রচনা ব্যানার্জির বিকল্প হিসেবে নতুনরা নিজেদের প্রমাণ করতে পারে কি না, আমি সেই দিনটির অপেক্ষায় আছি।”

নতুন সঞ্চালক স্বস্তিকা মুখার্জির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রচনা বলেন, “স্বস্তিকা আমার খুব ভালো সহকর্মী। সে নিশ্চয়ই খুব ভালো কাজ করবে। আমার অনেক শুভেচ্ছা রইল, আশা করি দর্শক তাকেও একইভাবে গ্রহণ করবেন।”

উল্লেখ্য, ২০১০ সালে জি বাংলায় শুরু হওয়া এই গেম শো-টি বাংলার গৃহিণীদের কাছে এক বিশেষ আবেগের জায়গা। এখন স্বস্তিকার সঞ্চালনায় ‘দিদি নাম্বার ওয়ান’ দর্শকদের মন কতটা জয় করতে পারে, সেটাই দেখার বিষয়।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন